আগামী বছরের হজযাত্রীদের টিকা গ্রহণের আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করেছে সরকার। এসব পরীক্ষা দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতাল এবং নির্ধারিত বেসরকারি হাসপাতালে করাতে হবে।

স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ও ই-হেলথ প্রোফাইলের কপি জমা দিয়ে নির্ধারিত টিকাকেন্দ্র থেকে টিকা নিতে হবে। টিকা গ্রহণের পর হজযাত্রীদের স্বাস্থ্য সনদ দেওয়া হবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী হজযাত্রীদের টিকা নেওয়ার আগে সাতটি পরীক্ষা করাতে হবে। পরীক্ষাগুলো হলো—ব্লাড গ্রুপিং ও আরএইচ টাইপিং, কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি উইথ ইএসআর), ইউরিন আর/এম/ই, বুকের এক্স-রে, ইসিজি, র‌্যান্ডম ব্লাড সুগার (আরবিএস) এবং সিরাম ক্রিয়েটিনিন।

এসব পরীক্ষা দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতাল এবং নির্ধারিত ‘ক’ শ্রেণির বেসরকারি হাসপাতালে করানো যাবে।

এ ছাড়া দুরারোগ্য বা গুরুতর রোগে আক্রান্ত হজযাত্রীদের প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কিছু পরীক্ষা করাতে হবে। হৃদযন্ত্রের অকার্যকারিতা সন্দেহ হলে ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা করতে হবে। কিডনি জটিলতার ক্ষেত্রে সিরাম ক্রিয়েটিনিন, কিডনি ও মূত্রথলির আলট্রাসনোগ্রাম এবং সিরাম ইউরিয়া পরীক্ষা করাতে হবে।

লিভারের কার্যকারিতা নিয়ে সন্দেহ থাকলে সিরাম বিলিরুবিন, এসজিপিটি, অ্যালবুমিন-গ্লোবুলিন রেশিও, পুরো পেটের আলট্রাসনোগ্রাম, আপার জিআইটি এন্ডোস্কোপি ও প্রোথ্রম্বিন টাইম পরীক্ষা করতে হবে।

দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ শনাক্তে কফের এএফবি পরীক্ষা ও বুকের সিটি স্ক্যান করাতে হবে। আর গর্ভাবস্থাজনিত জটিলতার ক্ষেত্রে প্রথম তিন মাসে প্রস্রাবের প্রেগন্যান্সি টেস্ট এবং প্রেগন্যান্সি প্রোফাইলের আলট্রাসনোগ্রাম করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ও ই-হেলথ প্রোফাইলের কপি নির্ধারিত টিকাকেন্দ্রে মেডিকেল টিমের কাছে জমা দিয়ে টিকা নিতে হবে। এরপর হজযাত্রীদের স্বাস্থ্য সনদ দেওয়া হবে।

হজসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ১৬১৩৬ নম্বরে হজ কল সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে।