দ্বিতীয়বারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। এ পর্যায়ে প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘণ্টা গ্রিডে সরবরাহ করা হবে।
সোমবার সকাল ১০টা ২০ মিনিটে এ কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেন।
তিনি জানান, পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের সময় কেন্দ্রের উৎপাদনব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
এর আগে ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। সে সময় প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ জানিয়েছিলেন, প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা গ্রিডে সরবরাহ করা হবে।
ওই পরীক্ষার সময় বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হয়। পরবর্তী সময়ে বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য কেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা ছিল। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবার ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করার কথা জানানো হয়েছিল।
এরই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলক গ্রিড সংযোগ কার্যক্রম শুরু হয়েছে।
পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন এ বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রথম ইউনিটের বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হওয়ায় দেশের জ্বালানি খাতে পারমাণবিক বিদ্যুতের ব্যবহার আরও এক ধাপ এগিয়েছে।
প্রকল্পের উপপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান জানান, বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার আগে কেন্দ্রটির টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সামঞ্জস্য ও নিরাপত্তা যাচাই করতে ধাপে ধাপে এ ধরনের কারিগরি পরীক্ষা চালানো হচ্ছে।
এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ১০ দিনব্যাপী জরুরি প্রস্তুতি পর্যালোচনা শেষে প্রকাশিত প্রতিবেদনে রূপপুর কেন্দ্রের জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি ও অবকাঠামোগত সক্ষমতার প্রশংসা করা হয়েছে।
প্রতিবেদনে কেন্দ্রটির নিজস্ব জরুরি সাড়াদানব্যবস্থা, বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র এবং আধুনিক অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অবকাঠামোকে শক্তিশালী দিক হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রকল্পসংশ্লিষ্টদের দাবি, কেন্দ্রটির অভ্যন্তরীণ জরুরি ব্যবস্থাপনায় কোনো সুনির্দিষ্ট ঘাটতি পাওয়া যায়নি।
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত এ পর্যালোচনা কার্যক্রমে বাংলাদেশের জরুরি প্রস্তুতির বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেছে আইএইএ। পাশাপাশি জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় আরও জোরদার করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।








