গার্মেন্টস শিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে সভাটি শুরু হয়।

বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মালিকপক্ষের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

সভায় গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধিরা শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের বিষয়ে লিখিত প্রস্তাব জমা দেবেন। এরপর শিল্প খাতে নিয়োজিত বিভিন্ন শ্রেণির শ্রমিক ও কর্মচারীর মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা হবে।

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী গঠিত নিম্নতম মজুরি বোর্ডের এ সভায় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সদস্যদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে ১৬ নভেম্বর নির্ধারিত বোর্ড সভাটি অনিবার্য পরিস্থিতির কারণে স্থগিত করা হয়। পরে বোর্ডের কার্যক্রমের অংশ হিসেবে তৃতীয় সভার নতুন তারিখ নির্ধারণ করা হয়।

সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের মতামত এবং সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা করে নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।