সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো নিয়ে আলোচনার মধ্যেই ভাতা সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে অর্থ বিভাগ। এতে নতুন পে স্কেলে মূল বেতন বাড়লেও আপাতত বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতার পরিমাণ অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অর্থ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৩০ জুন যে হারে ভাতা দেওয়া হয়েছে, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সেই হারই বহাল থাকবে। সরকারি ও আধা-সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সরকারি সংস্থা, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের ক্ষেত্রে এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে।
নতুন বেতনকাঠামো অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণের বিষয়টি আলোচনায় রয়েছে। তবে মূল বেতন ও মোট বেতন এক বিষয় নয়। মূল বেতনের সঙ্গে বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য প্রযোজ্য ভাতা যোগ করে একজন কর্মচারীর মোট মাসিক বেতন নির্ধারিত হয়।
ফলে মূল বেতন বাড়লেও ভাতার হার অপরিবর্তিত থাকায় সবার মোট বেতন একই অনুপাতে বাড়বে না। নতুন বেতনকাঠামোর পূর্ণাঙ্গ সুবিধা পেতে বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতার বিষয়ে অর্থ বিভাগের পরবর্তী নির্দেশনার অপেক্ষা করতে হবে কর্মচারীদের।
এদিকে নতুন কাঠামো অনুযায়ী চলতি মাসের বেতনের সঙ্গে আগের তিন মাসের বকেয়া বা বাড়তি অর্থ পাওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে।
নতুন বেতনকাঠামোর কারণে মূল্যস্ফীতির সম্ভাব্য প্রভাব নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী বলেন, সরকারি কর্মচারীদের বেতন বাড়লেই বাজারে অর্থের সরবরাহ এতটা বেড়ে যাবে যে বড় ধরনের মূল্যস্ফীতি তৈরি হবে—এমন সিদ্ধান্তে সরাসরি পৌঁছানো ঠিক নয়।
তার মতে, নতুন বেতনকাঠামোর প্রভাব মূল্যায়নে অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করতে হবে। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি খাতের সমন্বয় এবং অর্থনীতির বাস্তব অবস্থা বিশ্লেষণ করা জরুরি।







