আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্যের ঘটনায় আদালত অবমাননার অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে সতর্ক করেছেন ট্রাইব্যুনাল। ভবিষ্যতে এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে তার বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ নির্দেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন ট্রাইব্যুনালে হাজির হয়ে আদালত অবমাননার নোটিশের বিষয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন ফুয়াদ। তার বক্তব্য শোনার পর আদালত ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সম্পর্কে মন্তব্য করার ক্ষেত্রে দায়িত্বশীল ভাষা ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন বিচারকরা। একই সঙ্গে আদালতের মর্যাদা ও প্রাতিষ্ঠানিক সম্মান অক্ষুণ্ণ রেখে বক্তব্য দেওয়ার বিষয়ে তাকে সতর্ক করা হয়।

গত ২৮ অক্টোবর একটি অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য দিতে গিয়ে ফুয়াদ ‘বস্তায় বস্তায় কিংবা কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে’ বলে মন্তব্য করেন। তার এ বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আসে।

এরপর গত ১ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ স্বপ্রণোদিত হয়ে তার বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করেন। একই সঙ্গে তাকে সশরীরে হাজির হয়ে বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

তবে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় নির্ধারিত দিনে হাজির হতে পারেননি ফুয়াদ। সেদিন তার পক্ষে আইনজীবীরা সময়ের আবেদন করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন।

নির্ধারিত দিনে সকালে ট্রাইব্যুনালে হাজির হন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। পরে তার বক্তব্যের ব্যাখ্যা শুনে সতর্ক করার মধ্য দিয়ে আদালত অবমাননার বিষয়টি নিষ্পত্তি করেন ট্রাইব্যুনাল।