রাজধানী ঢাকাকে আরও বাসযোগ্য করে তুলতে বস্তি উন্নয়নে সহায়তা করবে বিশ্বব্যাংক। এ লক্ষ্যে কড়াইল ও ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার।
সোমবার সচিবালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ পরিকল্পনার কথা জানান স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান।
তিনি বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশকে তুলনামূলক কম সুদে ঋণ দেয়। এ কারণে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সংস্থাটির কাছ থেকে ঋণ নেওয়া হয়।
মন্ত্রী আরও বলেন, ঢাকা শহরকে বসবাসের উপযোগী করে গড়ে তুলতে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিচ্ছে। এর অংশ হিসেবে কড়াইল ও ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো পরিকল্পনা চূড়ান্ত হয়নি।
বৈঠকে উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, এ খাতে বাংলাদেশকে প্রাথমিকভাবে ৫০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তার বিষয়ে আলোচনা হয়েছে। বিশ্বব্যাংকের প্রতিনিধিরাও এ ক্ষেত্রে সহায়তার আশ্বাস দিয়েছেন।
এ ছাড়া উপকূলে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বব্যাংক ২০০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেবে বলেও জানান তিনি।








