রাস্তায় পড়ে থাকা একটি ভ্যানিটি ব্যাগে পেয়েছিলেন স্বর্ণের দুটি চুড়ি ও দুটি আংটি। চাইলে মূল্যবান অলংকারগুলো নিজের কাছে রেখে দিতে পারতেন। তবে তা না করে প্রকৃত মালিকের সন্ধান করে স্বর্ণালঙ্কারসহ ব্যাগটি ফিরিয়ে দিয়েছেন চানাচুর বিক্রেতা আমির উদ্দিন (৩৬)। তার এমন সততায় মুগ্ধ হয়ে তাকে পাঁচ হাজার টাকা উপহার দিয়েছেন স্বর্ণালঙ্কারের মালিক।
সুনামগঞ্জ শহরে এ ঘটনা ঘটে। আমির উদ্দিন ভ্যানগাড়িতে করে চানাচুর বিক্রি করছিলেন। এ সময় তার গাড়ির চাকা একটি ভ্যানিটি ব্যাগে আটকে যায়। ব্যাগটি কুড়িয়ে খুলে দেখেন, এর ভেতরে রয়েছে স্বর্ণের দুটি চুড়ি ও দুটি আংটি। এরপর ব্যাগের মালিকের সন্ধান শুরু করেন তিনি।
প্রায় চার ঘণ্টা খোঁজাখুঁজির পর ব্যাগের প্রকৃত মালিকের সন্ধান পান আমির উদ্দিন। পরে রাত ১১টার দিকে সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশের উপস্থিতিতে স্বর্ণালঙ্কারসহ ব্যাগটি মালিকের হাতে তুলে দেন তিনি।
স্বর্ণালঙ্কারের মালিক সজল তালুকদার জানান, তিনি ও তার স্ত্রী শহরের কালীবাড়ি এলাকার একটি জুয়েলারি দোকানে স্বর্ণের এক জোড়া চুড়ি ও দুটি আংটি পরিষ্কার করতে গিয়েছিলেন। কাজ শেষে বাসায় ফিরে তারা বুঝতে পারেন, স্ত্রীর ভ্যানিটি ব্যাগটি সঙ্গে নেই। পরে ব্যাগটি খুঁজতে বের হন সজল। একপর্যায়ে এক রিকশাচালকের মাধ্যমে জানতে পারেন, একজন চানাচুর বিক্রেতা স্বর্ণালঙ্কারসহ একটি ব্যাগ পেয়েছেন। এরপর আমির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন তিনি।
আমির উদ্দিনের সততায় মুগ্ধ হয়ে তাকে পাঁচ হাজার টাকা উপহার দিতে চান সজল তালুকদার। তবে প্রথমে সেই টাকা নিতে রাজি হননি আমির। পরে সবার অনুরোধে উপহারের টাকা গ্রহণ করেন তিনি।
আমির উদ্দিনের বাড়ি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায়। তিনি শহরের পশ্চিমবাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন। ভ্যানগাড়িতে করে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে চানাচুর বিক্রি করেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, আমির উদ্দিন পেশায় চানাচুর বিক্রেতা হলেও তার সততা ও নির্লোভ মানসিকতা প্রশংসনীয়। স্বর্ণালঙ্কারসহ ব্যাগটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে তিনি সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন।







