নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতা প্রতিরোধে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সরকার। গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সীমান্তে সার্বক্ষণিক নজরদারি ও টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সীমান্তে নজরদারি, টহল এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। সীমান্ত অপরাধ, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন ঠেকাতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্প্রতি কুমিল্লা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা পরিদর্শনকালে বিজিবিপ্রধান এ নির্দেশ দেন। এ সময় তিনি সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা ও অভিযান পরিচালনার প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনের সময় তিনি বিলোনিয়া ও আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টসহ কয়েকটি সীমান্ত ফাঁড়ি ঘুরে দেখেন। যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় বিজিবি সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
গত ১ থেকে ২১ নভেম্বরের মধ্যে থানা, হাসপাতাল, পরিবহণ সেবা, রাজনৈতিক নেতাদের বাসভবন, গ্রামীণ ব্যাংকের শাখা এবং বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনার পর নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বিমানবন্দর, রেলস্টেশন, আদালত, সচিবালয়, সমুদ্রবন্দর, শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
সহিংসতা প্রতিরোধ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় বিজিবি এখন পর্যন্ত ঢাকা ও দেশের আরও ছয়টি জেলায় ১০১ প্লাটুন সদস্য মোতায়েন করেছে। এর মধ্যে গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে দুই ব্যাটালিয়ন সদস্য। এ ছাড়া ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
পরিস্থিতি পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের অভিযান সমন্বয়ে প্রযুক্তিনির্ভর নজরদারিও চালু করেছে বাহিনীটি। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।
এদিকে, গোপালগঞ্জের দুটি থানায় অগ্নিসংযোগের ঘটনার পর জেলা পরিদর্শনে গিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির নাশকতা ও বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন।
গোপালগঞ্জের বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি এই এলাকার শান্তিপ্রিয় মানুষকে নাশকতা ও বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি।’
জেলার দুটি থানা পুড়িয়ে দেওয়ার ঘটনার প্রসঙ্গ তুলে আইজিপি প্রশ্ন করেন, পুলিশের থানাতেই যদি আগুন দেওয়া হয়, তাহলে পুলিশ কীভাবে আইনশৃঙ্খলা রক্ষা করবে।
অন্যদিকে, শিল্পাঞ্চল, সরকারি অবকাঠামো ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নয়টি জেলায় আনসার ব্যাটালিয়নের ৫৩ প্লাটুন সদস্য মোতায়েন করেছে।
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ নাশকতা, অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদক পাচার, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
গত রোববার অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভায় তিনি পুলিশ কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় অভিযান জোরদার এবং অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ দেন।
তাৎক্ষণিক নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি পুলিশ সদরদপ্তর বৃহত্তর সংস্কারের উদ্যোগও নিচ্ছে। গত জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে গঠিত আটটি উপকমিটির সুপারিশের ভিত্তিতে এ সংস্কার কার্যক্রম নেওয়া হচ্ছে।
প্রস্তাবগুলোতে গোয়েন্দা তথ্য সংগ্রহ, সন্ত্রাসবাদ দমন, রাজনৈতিক সহিংসতা, সংঘবদ্ধ অপরাধ, সীমান্ত নিরাপত্তা এবং প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া পুলিশের জনবল, প্রশিক্ষণ, লজিস্টিকস ও ডিজিটাল নজরদারি সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। এর মধ্যে বডি-ওর্ন ক্যামেরা ও স্মার্ট ট্র্যাকিং সিস্টেমের ব্যাপক ব্যবহারও অন্তর্ভুক্ত।
সংশ্লিষ্টদের মতে, সমন্বিত এসব পদক্ষেপের মাধ্যমে নাশকতা প্রতিরোধ, গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষা, সীমান্তে নজরদারি এবং গোয়েন্দাভিত্তিক অভিযান জোরদার করতে চায় সরকার।








