ডায়াবেটিসকে ‘মাদার অব অল ডিজিজেস’ বা সর্বরোগের জননী উল্লেখ করে চিকিৎসার চেয়ে রোগটি প্রতিরোধের ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাঁদের মতে, আগে থেকেই সচেতনতা ও জীবনযাত্রায় পরিবর্তন আনার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ করা গেলে তা হবে বেশি কার্যকর ও সাশ্রয়ী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) উদ্যোগে আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে আলোচকরা এসব কথা বলেন।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘ডায়াবেটিসে দ্রুত পদক্ষেপ নিন’ প্রতিপাদ্যে এ সেমিনারের আয়োজন করা হয়। গত ১৪ নভেম্বর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়েছে। সেমিনারে ডায়াবেটিসের ঝুঁকি ও জটিলতা মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং জীবনযাত্রায় পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন বিশেষজ্ঞরা।
এনডিএফ সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ও সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু এবং বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি প্রতীক ইজাজ।
সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুরজাহান বানু উর্মি। প্যানেল আলোচক ছিলেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবু মোহাম্মদ, ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাস্কুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জি এম মকবুল হোসেন এবং নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আব্দুল মুকীত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনডিএফের সাধারণ সম্পাদক ডা. মাহমুদ হোসেন বকাউল।
প্যানেল আলোচকরা ডায়াবেটিসকে ‘মাদার অব অল ডিজিজেস’ এবং ‘সাইলেন্ট কিলার’ হিসেবে উল্লেখ করেন। তাঁরা বলেন, সংক্রামক রোগের প্রকোপ কমলেও অসংক্রামক রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। ডায়াবেটিসের মতো রোগের ক্ষেত্রে চিকিৎসার চেয়ে প্রতিরোধ উত্তম ও সাশ্রয়ী। কারণ, রোগটির জটিলতা শুরু হলে স্বাভাবিক জীবনে ফিরে আসা কঠিন হয়ে পড়ে। এ রোগ নিয়ন্ত্রণে জীবনযাত্রার পরিবর্তনও গুরুত্বপূর্ণ।
আলোচকরা জানান, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে কিডনি অন্যতম ঝুঁকিপূর্ণ অঙ্গ। তাঁদের বক্তব্য অনুযায়ী, ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ৭ থেকে ১০ বছরের মধ্যে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে, যা অনেক সময় রোগী বুঝতে পারেন না। ডায়ালাইসিসনির্ভর কিডনি রোগীদের প্রায় ৫০ শতাংশের ক্ষেত্রে ডায়াবেটিসকে কারণ হিসেবে উল্লেখ করেন তাঁরা। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা গেলে কিডনি রোগীর চাপ কমানো সম্ভব বলেও জানান আলোচকরা।
বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু বলেন, ‘আমরা সবাই স্ট্রেসফুল লাইফ লিড করছি, যা আমাদের শরীরের সবকিছুকে পরিবর্তন করে দিচ্ছে। এতে ডায়াবেটিসের মতো রোগগুলো হচ্ছে।’
তিনি বলেন, বিশ্বে প্রতি ৯ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন। উদ্বেগের বিষয় হলো, আক্রান্তদের মধ্যে প্রতি ১০০ জনে ৪৩ জনই জানেন না যে তাঁরা ডায়াবেটিসে আক্রান্ত। বাংলাদেশেও প্রায় ১ কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। তাঁদের বড় একটি অংশ রোগটি সম্পর্কে অবগত নন।
ডা. মাহমুদা আলম মিতু বলেন, ডায়াবেটিস মোকাবিলায় দুটি বড় চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, অনেকেই জানেন না যে তাঁরা ডায়াবেটিসে আক্রান্ত। দ্বিতীয়ত, যাঁরা রোগটি সম্পর্কে জানেন, তাঁদের অনেকেই মানসিক চাপ ও ব্যস্ত জীবনযাত্রার কারণে নিয়মিত ওষুধ সেবন করতে পারেন না। ফলে অনিয়মিত রোগীদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে।
তিনি আরও বলেন, এখন গ্রামাঞ্চলেও ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে। এ কারণে সচেতনতামূলক কর্মসূচি, রোগী শনাক্তকরণ ও কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা প্রয়োজন। কমিউনিটি পর্যায়ে স্ক্রিনিং, বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা তৈরি এবং বিনামূল্যে বা স্বল্পমূল্যে ডায়াবেটিস পরীক্ষার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, ‘আমাদের ডায়াবেটিস হওয়ার আগেই ডায়াবেটিস নিয়ে সচেতন হতে হবে।’
দেশে খেলার মাঠের অভাব এবং খাদ্যে ভেজালকেও স্বাস্থ্যঝুঁকির কারণ হিসেবে উল্লেখ করেন এই সংসদ সদস্য। তাঁর মতে, খেলার মাঠ না থাকায় শিশুরা পর্যাপ্ত খেলাধুলার সুযোগ পাচ্ছে না। পাশাপাশি খাদ্যে ভেজালের বিষয়েও সরকারের নজর দেওয়া প্রয়োজন।
তিনি বলেন, এসব সমস্যা সমাধানে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়কেও সমন্বিতভাবে কাজ করতে হবে।








