কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে আগাম কোনো পদক্ষেপ না নেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বড় রাজনৈতিক কৌশল ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও দ্য ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম। তার মতে, আওয়ামী লীগ সহিংসতার পথে এগিয়ে গিয়ে নিজেরাই সেই কৌশলের ফাঁদে পা দিয়েছে।

রোববার (২২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে শফিকুল আলম লিখেছেন, অনেকে প্রশ্ন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কেন আগাম কোনো পদক্ষেপ নেননি আওয়ামী লীগের বিরুদ্ধে। তার ভাষ্য, এ কৌশল নিঃসন্দেহে অনেকের মনে বিস্ময়ের জন্ম দিয়েছিল, কিন্তু পরিকল্পনা অনুযায়ী নিখুঁতভাবেই কাজ করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের সহিংস কর্মকাণ্ডের দৃশ্য অনেকের কাছে সরকারের দুর্বলতা কিংবা দলটির ফিরে আসার সম্ভাবনার ইঙ্গিত মনে হলেও বাস্তবে তা ছিল একটি রাজনৈতিক ফাঁদ।

শফিকুল আলমের মতে, পাঁচজনের মৃত্যু, অসংখ্য বাসে অগ্নিসংযোগ এবং অতর্কিত মলোটভ ককটেল ও পেট্রোল বোমা হামলার মধ্য দিয়ে আওয়ামী লীগ কার্যত কী অর্জন করেছে, সেই প্রশ্ন সামনে এসেছে। তার ভাষ্য, সহিংসতা বৃহত্তর গোপালগঞ্জ অঞ্চলের বাইরে উল্লেখযোগ্যভাবে ছড়িয়ে পড়েনি। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী তিন বাহিনীর প্রধানদের গোপালগঞ্জে পাঠান; নিরাপত্তা বাহিনীর বড় অভিযান শুরুর আগেই তরুণ আওয়ামী লীগ কর্মীরা অন্য জেলায় পালিয়ে যায়।

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরোধী দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বানকেও গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন শফিকুল আলম। তার মতে, আওয়ামী লীগের সামনে এখন দুটি পথ হয় সহিংসতা আরও বাড়ানো, নয়তো ক্রমশ গভীর রাজনৈতিক গুরুত্বহীনতার মুখোমুখি হওয়া।