দেশের চলমান রাজনৈতিক সংকট মোকাবিলায় সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই লক্ষ্যে সোমবার (২৩ নভেম্বর) থেকে বিভিন্ন দলের সঙ্গে পৃথক মতবিনিময় বা সংলাপে বসছেন তিনি। সরকারের এই আহ্বানকে ইতিবাচক হিসেবে দেখছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে ঐক্যের প্রশ্নে নিজেদের অবস্থান ও বেশ কিছু শর্ত সামনে এনেছে দল দুটি।
জামায়াত ও এনসিপির নেতারা জানিয়েছেন, বৈঠকে গণভোটের রায়ের আলোকে জুলাই জাতীয় সনদ দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করার দাবি জানাবে তারা। এ ছাড়া নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারকে জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে বলেও জানিয়েছে দল দুটির নেতারা। সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে দূরত্বের পেছনে রয়েছে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর, জুলাই হত্যাকাণ্ডের বিচার, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ এবং রাষ্ট্র সংস্কারের প্রশ্নে মতপার্থক্য।
গত ১৮ নভেম্বর প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সংসদ ভবনে তার কার্যালয়ে চা চক্রে অংশ নেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় দুই নেতার মধ্যে একান্ত বৈঠক হয়। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সহিংসতা ও নাশকতা মোকাবিলা, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। জামায়াত আমির ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে প্রধানমন্ত্রীকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সর্বদলীয় সংলাপ আয়োজনের পরামর্শ দেন।
এদিকে সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপির প্রতিনিধিদল। জামায়াত এখনো প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র পায়নি বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি জানান, জামায়াতের প্রধান দাবি গণভোটের রায় বাস্তবায়ন; এর সঙ্গে রয়েছে জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ করা।









