গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিএনপি, এনসিপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের পদত্যাগের হিড়িক পড়েছে। গত ছয় দিনে (১৭ থেকে ২২ নভেম্বর) এসব দলের ১৬ জন নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন। কেউ সংবাদ সম্মেলন করে, কেউ ফেসবুকে পোস্ট ও ভিডিও বার্তার মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন। তাদের অধিকাংশই ব্যক্তিগত, পারিবারিক ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েছেন।
জানা যায়, ১৭ নভেম্বর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজনকে গ্রেপ্তার কেন্দ্র করে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দিন রাতেই গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পদত্যাগের ঘোষণা দেওয়া ব্যক্তিদের মধ্যে দুজন ছাড়া অন্য ১৪ জন এসব ঘটনার পর পদত্যাগের ঘোষণা দেন।
রোববার (২২ নভেম্বর) টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে বিএনপি থেকে পদত্যাগ করেন ডুমুরিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নরেশ বিশ্বাস (৩২)। লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর বিভিন্ন পরিস্থিতিতে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। তবে ডুমুরিয়া ইউনিয়নে বিএনপির বর্তমান কার্যক্রম পছন্দ না হওয়ায় এবং শারীরিক অসুস্থতা ও পারিবারিক জটিলতার কারণে দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এর আগে ১৭ থেকে ২১ নভেম্বরের মধ্যে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন কুশলী ও পাটগাতী ইউনিয়ন বিএনপি এবং যুবদলের একাধিক নেতাকর্মী।
এ ছাড়া ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন গণঅধিকার পরিষদের টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি রইসুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নেয়াজুল ইসলাম সোহান ও টুঙ্গিপাড়া সরকারি কলেজ ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সামি। অন্যদিকে ফেসবুকে ভিডিও বার্তায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার স্থপতি উল্লেখ করে রাজনীতি থেকে স্বেচ্ছায় বিদায় নেওয়ার ঘোষণা দেন এনসিপির টুঙ্গিপাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি মুতাসিম বিল্লাহ। এ বিষয়ে জানতে গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।









