দেশের বাজারে স্বর্ণের দাম কমার প্রবণতা অব্যাহত রয়েছে। সর্বশেষ ১৬ দফা মূল্য সমন্বয়ের মধ্যে ১১ বারই কমানো হয়েছে স্বর্ণের দাম। বিশেষ করে গত দুই সপ্তাহে নয় দফায় ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে কমেছে ৩৪ হাজার ৭০০ টাকা। এতে চলতি বছরে দেশের বাজারে সর্বনিম্ন দামে বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু।
সর্বশেষ মূল্য সমন্বয়ে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। অন্যান্য মানের স্বর্ণের দামও কমানো হয়েছে। নতুন এই দাম রোববার থেকে কার্যকর হয়েছে।
বাজারের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের ৬ অক্টোবর দেশের বাজারে প্রথমবারের মতো ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ২ লাখ টাকা ছাড়িয়ে যায়। ওই মাসে এক দফা কমে ২৯ অক্টোবর দাম আবার দুই লাখ টাকার নিচে নেমে এলেও এরপর থেকে বেশির ভাগ সময় এই সীমার ওপরেই ছিল স্বর্ণের দাম।
চলতি বছরের ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের দাম বেড়ে ভরিপ্রতি ২ লাখ ৮৬ হাজার ১ টাকায় পৌঁছায়। এটি ছিল দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম। এরপর থেকে বিভিন্ন সময়ে দাম বাড়া-কমার মধ্য দিয়ে লেনদেন চলছে।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ১৪২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৬ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, গত বছর দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।








