গোপালগঞ্জের চন্দ্রদিঘলীতে খুলনাগামী একটি বাস আটকে যাত্রীদের দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন ও জোরপূর্বক ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে ঢাকা কলেজের শিক্ষার্থী সাবিদ হাসানের বিরুদ্ধে। নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি চলাকালে গত ১৯ নভেম্বর ‘গোপালগঞ্জ আওয়ামী’ নামের একটি ফেসবুক পেজে ‘গোপালগঞ্জ চন্দ্রদিঘলীয় বাস চেক’ শিরোনামে প্রকাশিত ভিডিওতে তাকে নেতৃত্ব দিতে দেখা যায়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সাবিদ হাসানের নেতৃত্বে একদল যুবক খুলনাগামী বাসটি আটকে যাত্রীদের দেশীয় অস্ত্র দেখিয়ে ভয় দেখান। এ সময় যাত্রীদের জোরপূর্বক ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করা হয়। একপর্যায়ে এক যাত্রীর কাছে ছুরি প্রদর্শন করে তার মুঠোফোন কেড়ে নিয়ে তল্লাশি করা হয়। এতে নিরাপত্তার শঙ্কায় যাত্রীরা চরম আতঙ্কিত হয়ে পড়েন। ভিডিওটি রবিবার (২২ নভেম্বর) পর্যন্ত ৭ লাখ মানুষ দেখেছেন।
সাবিদ হাসানের বাড়ি গোপালগঞ্জে। তিনি ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ভর্তির পর থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং কলেজ ছাত্রদলের সদস্যসচিব মিল্লাদ হোসেনের একনিষ্ঠ কর্মী হিসেবে ক্যাম্পাসে পরিচিত ছিলেন। পরে মিল্লাদ হোসেন তাকে নিজের অনুসারীদের বলয় থেকে সরিয়ে দেন বলে জানা গেছে। এ ছাড়া তার বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হল ছাত্রলীগের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং পরিবারের সদস্যদের আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বলে স্থানীয়ভাবে পরিচিতি রয়েছে।
ভিডিও ভাইরাল হওয়ার পর ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল আমিন ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে বলেন, একদিকে ছাত্রলীগ নেতাকে কেক খাওয়াচ্ছে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্যসচিব, অন্যদিকে ওই ছেলেই আবার গোপালগঞ্জে বাস থামিয়ে সাধারণ জনগণকে দিয়ে জোর করে জয় বাংলা স্লোগান দেওয়াচ্ছে। এ বিষয়ে সদস্যসচিব মিল্লাদ হোসেন বলেন, ছাত্রদলের কোনো কমিটিতে সাবিদের পদ ছিল না এবং সাংগঠনিক কার্যক্রমে তার সক্রিয় অংশগ্রহণও ছিল না। গত ছয়-সাত মাস ধরে তার সঙ্গে কোনো যোগাযোগ নেই। সাবিদকে কোথাও পাওয়া গেলে পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানান তিনি। এ বিষয়ে জানতে অভিযুক্ত সাবিদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।









