বিএনপিকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি বলেন, বিএনপি এখন বিপদে পড়ে ‘মুঝে বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করছে।

পোস্টে পাটওয়ারী লেখেন, ‘বিএনপি অন্যদের জন্য কবর খুঁড়তে গিয়ে আজ নিজেরাই সেই কবরে পড়ে যাচ্ছে। তারা শুধু নিজেরাই বিপদে পড়েনি, সঙ্গে বাংলাদেশের ১৮ কোটি মানুষকেও ডুবিয়েছে। আর এখন বিপদে পড়ে চিৎকার করছে—“মুঝে বাঁচাও, বাঁচাও”।’

পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘অন্যের জন্য যে গর্ত খোঁড়া হয়, একদিন সেই গর্তেই নিজেকে পড়তে হয়—এটাই প্রকৃতির বিচার।’

এর আগে বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া আরেক পোস্টে এনসিপি নেতা সারজিস আলম দেশের বাইরে থেকে পলাতক আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তঃসীমান্ত সন্ত্রাসের অভিযোগ তোলেন। তাঁর দাবি, গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের হাতে বিএনপির তিন নেতা নিহত হয়েছেন এবং দুটি থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে।

সারজিস আলম আরও অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে বাড়ি, ব্যাংক ও হাসপাতালে আগুন দেওয়া হয়েছে। গোপালগঞ্জে বিএনপির তিন সংসদ সদস্যের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে বলে তিনি পোস্টে উল্লেখ করেন।