সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরও দীর্ঘদিনের পুরোনো হোমিওপ্যাথিক চেম্বার ছাড়েননি গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ। আগের মতোই চেম্বারে বসে রোগীদের কথা শুনছেন এবং চিকিৎসা পরামর্শ দিচ্ছেন তিনি।
সম্প্রতি তাঁর পুরোনো চেম্বারে রোগী দেখার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। স্থানীয়দের অনেকে তাঁর এমন জীবনযাপনকে ইতিবাচকভাবে দেখছেন। তাঁদের ভাষ্য, সংসদ সদস্য হওয়ার পরও সাধারণ মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ ও দৈনন্দিন অভ্যাসে তেমন পরিবর্তন আসেনি।
একসময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন আব্দুল ওয়ারেছ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন। স্বাধীনতার পর শিক্ষকতার পাশাপাশি হোমিওপ্যাথিক চিকিৎসাসেবার মাধ্যমে সাধারণ মানুষের পাশে ছিলেন। জনপ্রতিনিধি হওয়ার পরও পুরোনো চেম্বারে রোগী দেখার অভ্যাস ধরে রেখেছেন তিনি।
দলীয় নেতাকর্মীদের মতে, জামায়াতের আদর্শ ও সাহাবায়ে কেরামদের অনাড়ম্বর জীবনযাপন থেকে অনুপ্রাণিত হয়েই তিনি সাদামাটা জীবনধারা বজায় রেখেছেন। তাঁদের দাবি, পদ-পদবির চেয়ে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক ধরে রাখাকে গুরুত্ব দেন এই সংসদ সদস্য।
তবে জনপ্রতিনিধি হিসেবে ব্যক্তিগত সরলতার পাশাপাশি এলাকার উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নেও তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা এবং তাঁদের কথা শোনার অভ্যাস জনসম্পৃক্ততা বাড়াতে সহায়ক হতে পারে।









