গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার নিলফা বাজার ও বর্ণি বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করেন। একপর্যায়ে নিলফা বাজারে বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই উপজেলার বর্ণি বাজারে যুবদল নেতার একটি ব্যক্তিগত অফিস ভাঙচুর করা হয়।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে সংশ্লিষ্ট থানার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।








