মাত্র ২০০ টাকা খরচ করে দুই বেডরুমের একটি ফ্ল্যাটের মালিক হয়েছেন চীনের এক তরুণ। অনলাইন নিলামের মাধ্যমে অবিশ্বাস্য কম দামে ফ্ল্যাটটি কেনার সুযোগ পেয়েছেন তিনি। ৬৮ বর্গমিটারের ফ্ল্যাটটির স্বাভাবিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে সাত লাখ টাকা।
চীনের বার্ষিক অনলাইন কেনাকাটার উৎসব ‘ইলেভেন ইলেভেন’ উপলক্ষে আয়োজিত বিশেষ নিলামে অংশ নিয়ে ফ্ল্যাটটি কেনেন ওই তরুণ। আলিবাবা অকশনের মাধ্যমে সম্পত্তিটি নিলামে তোলা হয়েছিল।
ফ্ল্যাটটির অবস্থান চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশে। একটি বহুতল আবাসিক ভবনের সপ্তম তলায় রয়েছে দুই বেডরুমের এই বাসা।
নিলামের নিয়ম ছিল বেশ ব্যতিক্রমী। মাত্র ১ ইউয়ান থেকে দর হাঁকা শুরু হয়। প্রতিবার সর্বনিম্ন ০.০১ ইউয়ান করে দাম বাড়ানোর সুযোগ ছিল। তবে সর্বোচ্চ দর নির্ধারণ করা হয়েছিল ১১ ইউয়ান।
নিলামে অংশ নিতে আগ্রহ দেখান ১ হাজার ৬৭৭ জন। সব মিলিয়ে দর হাঁকা হয় ১ হাজার ১ বার। গত ৫ নভেম্বর নিলাম শেষ হলে পূর্ব চীনের জিয়াংসু-ঝেজিয়াং অঞ্চলের পরিচয় প্রকাশ না করা এক ক্রেতা মাত্র ১১ ইউয়ানে ফ্ল্যাটটির মালিক হন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২০০ থেকে ২০৫ টাকা।
ফ্ল্যাট কিনলেও থাকার পরিকল্পনা নেই
এত কম দামে ফ্ল্যাট কেনার সুযোগ পেলেও সেখানে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা নেই ওই ক্রেতার। নিলামের সরাসরি সম্প্রচারে তিনি জানান, হেইলংজিয়াংয়ে গিয়ে নিয়মিত থাকার ইচ্ছা তাঁর নেই। তবে শীতের ছুটিতে অবকাশযাপনের জন্য মাঝেমধ্যে ফ্ল্যাটটি ব্যবহার করতে পারেন।
অবশ্য মাত্র ১১ ইউয়ানে ফ্ল্যাট কেনার অর্থ এই নয় যে, মালিকানা বুঝে নিতে আর কোনো খরচ করতে হবে না। দলিল হস্তান্তরসংক্রান্ত কর বাবদ তাঁকে আরও প্রায় ২ হাজার ইউয়ান দিতে হবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৮ হাজার ৪০০ টাকা।
বাজারমূল্যের তুলনায় অবিশ্বাস্য কম দাম
স্থানীয় আবাসনবিষয়ক অ্যাপগুলোর তথ্য অনুযায়ী, ফ্ল্যাটটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার ইউয়ান। একই আবাসন কমপ্লেক্সে পুরোনো ফ্ল্যাটের গড় দাম প্রতি বর্গমিটারে প্রায় ২ হাজার ৭০০ ইউয়ান।
নিলামের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এক ব্যবস্থাপক জানিয়েছেন, সম্পত্তিটির প্রকৃত বাজারমূল্য এবং নিলামে পাওয়া অর্থের মধ্যে বড় ব্যবধান রয়েছে। এই পার্থক্য ভর্তুকির মাধ্যমে সমন্বয় করেছে আলিবাবা কর্তৃপক্ষ।








