একটি সরকারি হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতিতে তার গাড়িচালকের রোগী দেখা ও ওষুধের প্রেসক্রিপশন লেখার অভিযোগ উঠেছে। কানশি রাম কম্বাইন্ড হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেব নামে পরিচিত ওই গাড়িচালককে রোগীদের বিভিন্ন শারীরিক সমস্যার কথা জিজ্ঞেস করতে দেখা যায়। পেটে ব্যথা বা অন্য কোনো অস্বস্তি আছে কি না, সে বিষয়েও রোগীদের কাছে জানতে চান তিনি।

প্রতিবেদন অনুযায়ী, হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা রামকেশ একটি মামলার কারণে আদালতে গিয়েছিলেন। তার অনুপস্থিতিতে গাড়িচালক দেব বহির্বিভাগের রোগীদের ডেকে সমস্যা শুনে ওষুধ লিখে দেন। ভিডিওতে রোগীদের হাসপাতালের বাইরের একটি ওষুধের দোকান থেকে প্রেসক্রিপশনের ওষুধ কেনার কথাও বলতে শোনা যায়।

citytouch 728-X-90

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর হাসপাতাল প্রশাসন বিষয়টি তদন্তে নামে। সংশ্লিষ্ট চিকিৎসকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে জানা গেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে এফআইআরসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে গাড়িচালক কীভাবে রোগী দেখার সুযোগ পেলেন এবং প্রেসক্রিপশন লেখার অনুমতি কে দিয়েছিলেন, তা তদন্তের পর স্পষ্ট হবে।