চট্টগ্রাম নগর বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রচারণায় মাইকে বেজে উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গান। এ ঘটনার ৩৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় মাইকে দলীয় গান ও ভাষণ প্রচারের কর্মসূচি নেয় নগর বিএনপি। সকাল থেকে আগ্রাবাদ এলাকায়ও মাইকে গান বাজানো হচ্ছিল। একপর্যায়ে সেখানে ওই গানটি বেজে ওঠে।

যা বলছে বিএনপি ও পুলিশ

চট্টগ্রাম নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শওকত আজম খাজা গণমাধ্যমকে বলেন, কর্মসূচিতে অন্য দলের গান বাজানোর একটি ভিডিও তাঁর নজরে এসেছে। তবে কারা গানটি বাজিয়েছেন, তা তিনি নিশ্চিত হতে পারেননি।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সাল জানান, গান বাজানোর ভিডিওটি পুলিশের নজরে আসার পর ঘটনাস্থলে গিয়ে আয়োজকদের সঙ্গে কথা বলা হয়েছে। আয়োজকেরা জানিয়েছেন, ইউটিউব থেকে একের পর এক দলীয় গান বাজানোর সময় অসতর্কতাবশত গানটি বেজে ওঠে। পরে দ্রুত তা বন্ধ করে দেওয়া হয়।

পুলিশের ভাষ্য, ইচ্ছাকৃতভাবে গানটি বাজানো হয়নি।