পথকুকুরের উৎপাত নিয়ে ছয় মাস ধরে অভিযোগ করেও ব্যবস্থা না নেওয়ার অভিযোগে অভিনব প্রতিবাদ করেছেন ভারতের শিবসেনা (ইউবিটি)-র যুব শাখার কর্মীরা। মহারাষ্ট্রের নাসিকে নিফাদ নগর পঞ্চায়েতের প্রধান কর্মকর্তা ধীরজ ভামরের অফিসে ঢুকে তার টেবিলের ওপর একে একে চারটি কুকুর ছেড়ে দেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, যুব শাখার জেলা প্রধান বিক্রম রনধাভে একটি বস্তা থেকে কুকুর বের করে কর্মকর্তার টেবিলে ছেড়ে দেন। ঘটনায় চমকে গিয়ে কর্মকর্তা চেয়ার থেকে সরে যান। পরে আরও কুকুর ছেড়ে দেওয়া হলে সেগুলো অফিসের বিভিন্ন স্থানে চলে যায়।

এ সময় রনধাভে নিজের গলায় ২০ রুপির নোট দিয়ে তৈরি মালা পরেন এবং কর্মকর্তার কাছে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। গত ছয় মাসে পথকুকুরের সমস্যা নিয়ে কতবার অভিযোগ করা হয়েছে, সেটিও কর্মকর্তাকে মনে করিয়ে দেন তিনি।

citytouch 728-X-90

রনধাভের দাবি, এলাকায় পথকুকুরের সংখ্যা বেড়ে যাওয়ায় শিশুদের কুকুরে কামড়ানো ও মানুষকে তাড়া করার ঘটনা ঘটছে। ছবি ও এলাকার পরিস্থিতি দেখিয়েও ব্যবস্থা না পাওয়ায় প্রতিবাদ হিসেবে চারটি কুকুর অফিসে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, এটিকে ‘শেষ সতর্কবার্তা’ হিসেবে দেখা উচিত। আগামী আট দিনের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে ফের কর্মকর্তার অফিসে কুকুর ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দেন রনধাভে।