টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণ করতে গিয়ে চাঁদাবাজির মামলায় চার সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।
এর আগে শুক্রবার রাতে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ী এলাকায় একটি বাড়িতে কয়েকজন ব্যক্তির গাঁজা সেবনের ভিডিও ধারণ করতে যান ওই সাংবাদিকেরা। এ সময় স্থানীয় যুবদল নেতা জাহিদ ও তাঁর সহযোগীরা তাঁদের আটক করে বাজারে নিয়ে যান এবং হেনস্তা করেন বলে অভিযোগ উঠেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাংবাদিকদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরদিন সকালে দাড়িয়াপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান ফজলু বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন।
গ্রেপ্তার হওয়া সাংবাদিকদের একজন এনটিভি ডিজিটালের সখীপুর উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন দাবি করেন, মাদকসেবীরা প্রথমে তাঁদের টাকা দিয়ে ‘ম্যানেজ’ করার চেষ্টা করেন। এতে রাজি না হওয়ায় কৌশলে তাঁদের এক সহকারীর পকেটে টাকা ঢুকিয়ে দিয়ে ফাঁসানো হয়েছে।
মামলায় মূল মাদকসেবীদের কাউকে আসামি করা হয়নি বলেও অভিযোগ করেছেন সাংবাদিকদের পরিবারের সদস্যরা।
অন্যদিকে, মামলার বাদী ফজলুর রহমান ফজলু জানিয়েছেন, গ্রামবাসীর অনুরোধে তিনি মামলা করেছেন। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (তদন্ত) দায়িত্বে থাকা মোহাম্মদ আজহারুল ইসলাম মামলায় চাঁদা দাবি ও আদায়ের অভিযোগ আনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয় সাংবাদিকেরা অবিলম্বে মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার সহকর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।








