চুরির চেষ্টার অভিযোগে পিরোজপুরের মঠবাড়িয়ায় আটক হয়েছেন ঝালকাঠি জেলা অটো শ্রমিকদলের সভাপতি মো. আলম ফকির। এ ঘটনায় তাঁকে দলীয় পদ ও সাধারণ সদস্যপদ থেকে বহিষ্কার করেছে ঝালকাঠি জেলা শ্রমিকদল।
স্থানীয় সূত্রে জানা যায়, মঠবাড়িয়া উপজেলার মিরুখালী এলাকায় আলম ফকিরসহ দুজনকে আটক করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে তালা কাটার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, রাতে মঠবাড়িয়া ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা এলাকায় পাহারা দিচ্ছিলেন। এ সময় মিরুখালী এলাকায় চুরির চেষ্টা করার অভিযোগে দুজনকে হাতেনাতে আটক করা হয়।
আটকের পর আলম ফকির নিজের পরিচয় গোপন করে পুলিশের কাছে ‘কালাম ফকির’ নামে পরিচয় দেন বলে জানিয়েছেন মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম। পরে পুলিশ তাঁদের আদালতে পাঠালে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
আলম ফকিরের আটকের খবর পাওয়ার পর তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় ঝালকাঠি জেলা শ্রমিকদল। তাঁকে জেলা অটো শ্রমিকদলের সভাপতির পদসহ দলের সাধারণ সদস্যপদ থেকেও বহিষ্কার করা হয়েছে।








