ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুমতি ছাড়া ক্লাসে অনুপস্থিত থাকা শিক্ষকদের তালিকা চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটের যেসব শিক্ষক কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই ক্লাস নেননি, তাঁদের নাম নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে সংশ্লিষ্ট অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালকদের বুধবার বিকেল ৪টার মধ্যে অনুপস্থিত শিক্ষকদের তালিকা রেজিস্ট্রারের দপ্তরে পাঠাতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগ ও ইনস্টিটিউটের কিছু শিক্ষক ক্লাস নেননি বলে কর্তৃপক্ষের কাছে তথ্য এসেছে। এ পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পূর্বানুমতি ছাড়া যেসব শিক্ষক ক্লাসে অনুপস্থিত ছিলেন, তাঁদের তালিকা চাওয়া হয়েছে।
এ নির্দেশনা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন এবং ইনস্টিটিউটের পরিচালকদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
এর আগে দেশব্যাপী ধর্মঘট পালনের ডাক দিয়েছিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিবহন, অফিস-আদালত ও দোকানপাট বন্ধ রাখার আহ্বান জানায় সংগঠনটি। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় বাতিল এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ আট দফা দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
ধর্মঘটের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ক্লাসে উপস্থিত হননি বলে জানা গেছে।
এদিকে কর্মসূচি চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পাশের শ্যাডো এলাকা এবং ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) সামনে পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সোহেল নামে এক প্রাইভেটকারচালক গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বিস্ফোরণে ঘটনাস্থলে থাকা একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।









