রাজধানীর আগারগাঁওয়ে নতুন সচিবালয় কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। এ জন্য শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে গাজীপুরের সালনায় স্থানান্তরের পরিকল্পনাও নেওয়া হয়েছে। প্রস্তাবিত সচিবালয় নির্মাণে ব্যয় ধরা হচ্ছে প্রায় ৪ হাজার কোটি টাকা। তবে প্রকল্পের চূড়ান্ত ব্যয় ও বাস্তবায়ন প্রস্তাব এখনো অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, গত ১৮ অক্টোবর মন্ত্রিসভা আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেয়। এরপর প্রকল্পের বিস্তারিত প্রস্তাব (ডিপিপি) তৈরির কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে ব্যয় ৪ হাজার ২০০ কোটি টাকা ধরা হলেও তা ৪ হাজার কোটি টাকার মধ্যে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ২০২৯ সালের জুনের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রস্তাবিত স্থানে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়েও আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

৩১.৫৮ একরে ১৪টি ভবন

পুরোনো বাণিজ্য মেলার মাঠের প্রায় ৩১ দশমিক ৫৮ একর জমিতে নতুন সচিবালয় কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। স্থাপত্য নকশা অনুযায়ী, ১২ তলাবিশিষ্ট ১৪টি প্রশাসনিক ভবন থাকবে। মোট অফিস স্পেস হবে প্রায় ৩৩ লাখ ১৬ হাজার বর্গফুট।

তিনটি বেজমেন্টে পার্কিংয়ের ব্যবস্থা থাকবে প্রায় ৩ হাজার ৮০০ গাড়ির। এ ছাড়া মসজিদ, ৩৫০ আসনবিশিষ্ট দুটি মাল্টিপারপাস হল, ক্যাফেটেরিয়া ও ডাকঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্প এলাকায় প্রায় ৩০ শতাংশ জায়গা সবুজায়ন ও জলাধারের জন্য রাখার কথা বলা হয়েছে।

মন্ত্রিসভা নকশা পর্যালোচনা করে ক্যাফেটেরিয়া, স্বাস্থ্যসেবা, ডে-কেয়ার সেন্টার, অগ্নিনিরাপত্তা, পার্কিং এবং পর্যাপ্ত লিফট ও সিঁড়ির ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছে। যানজট কমাতে সংযোগসড়ক প্রশস্তকরণ ও আন্ডারপাস নির্মাণের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

কৃষি বিশ্ববিদ্যালয় যাবে গাজীপুরের সালনায়

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য গাজীপুরের সালনায় আগে থেকেই জমি বরাদ্দ দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো স্থানান্তরের উদ্যোগ নেয়নি।

স্থাপত্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, শেরেবাংলা নগরের জমি কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো বিশেষায়িত প্রতিষ্ঠানের জন্য অপ্রতুল। তাই বিশ্ববিদ্যালয়টি সালনায় স্থানান্তর করে বিদ্যমান জমিতে মূল নকশা অনুযায়ী প্রশাসনিক ও নাগরিক স্থাপনা নির্মাণের পক্ষে মত দিয়েছে অধিদপ্তর।

প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি জমি ধান গবেষণার মাঠ হিসেবে ব্যবহারের জন্য সাইনবোর্ড ও দড়ি দিয়ে চিহ্নিত করার বিষয়েও আপত্তি জানানো হয়েছে। অধিদপ্তরের মতে, অনুমতি ছাড়া সরকারি জমি এভাবে ব্যবহার করা অনুচিত।

বর্তমান সচিবালয়ে হবে নতুন দপ্তর

পরিকল্পনা অনুযায়ী, সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরিত হলে আব্দুল গণি রোডের বর্তমান সচিবালয় ভবনগুলোতে সদরঘাটের জজ কোর্ট স্থানান্তরের প্রস্তাব রয়েছে। পাশাপাশি কয়েকটি কর অঞ্চল ও বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তরও সেখানে স্থান পেতে পারে।

বর্তমান সচিবালয় প্রায় ১৭ দশমিক ৫৭ একর জমির ওপর অবস্থিত। সেখানে ১৩টি ভবন রয়েছে। গণপূর্ত মন্ত্রণালয়ের হিসাবে, বর্তমান সচিবালয়ে অফিস স্পেস প্রায় ১৮ লাখ ৭৬ হাজার বর্গফুট; বিভিন্ন মন্ত্রণালয়ের আরও প্রায় ১০ লাখ বর্গফুট জায়গার চাহিদা রয়েছে।

এর আগে বর্তমান সচিবালয়ের ১ নম্বর ভবন ভেঙে ৬৪৯ কোটি টাকা ব্যয়ে ২১ তলা ভবন নির্মাণের প্রস্তাব করা হয়েছিল। তবে আগারগাঁওয়ে পূর্ণাঙ্গ সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বিবেচনায় নিয়ে ওই প্রস্তাব এগিয়ে না নেওয়ার সিদ্ধান্ত হয়।

১৯৬৫ সালের পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ

১৯৬৫ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সচিবালয় শেরেবাংলা নগরে নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। তবে মুক্তিযুদ্ধ ও পরবর্তী পরিস্থিতিতে তা বাস্তবায়িত হয়নি। জাতীয় সংসদ ভবনের নির্মাণকাজ ১৯৮২ সালে শেষ হলেও সচিবালয় স্থানান্তরের উদ্যোগ আর কার্যকর হয়নি।

পরবর্তী সময়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে উন্মুক্ত পার্ক নির্মাণের জন্য ৮২ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছিল। নতুন সচিবালয় নির্মাণের পরিকল্পনায় সেই উদ্যোগ আর এগোচ্ছে না।

স্থান নির্বাচন নিয়ে বিশেষজ্ঞদের আপত্তি

আগারগাঁওয়ে সচিবালয় নির্মাণের সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক ড. আদিল মোহাম্মদ খান বলেন, আগারগাঁওয়ে আগে থেকেই ঘনবসতি ও যানজটের চাপ রয়েছে। সেখানে বড় স্থাপনা নির্মাণ হলে গুরুত্বপূর্ণ উন্মুক্ত জায়গা কমে যাবে এবং পরিবেশ ও নগর পরিকল্পনায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বিকল্প হিসেবে তিনি পূর্বাচল নতুন শহর প্রকল্পের কথা বলেছেন।

সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, নতুন ভবন নির্মাণ বা জমি অধিগ্রহণের আগে বিদ্যমান সরকারি ভবন ও অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে কি না, তা পর্যালোচনা করা উচিত। তাঁর মতে, সচিবালয়ের বাইরে পরিচালিত বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের জন্য বিদ্যমান সরকারি ভবন ব্যবহারের সুযোগ রয়েছে।