রাজধানীর সড়ক যেন পরিণত হয়েছে ব্যক্তিগত গাড়ির পার্কিংয়ে! ব্যাংকের সামনের সড়ক দখল করে সারি সারি ব্যক্তিগত গাড়ি পার্কিংয়ের অভিযোগে বেসরকারি প্রাইম ব্যাংককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযান চলাকালে ব্যাংকটির কার্যালয়ের সামনের সড়কে বিপুলসংখ্যক ব্যক্তিগত গাড়ি পার্ক করা অবস্থায় পাওয়া যায়। চালক ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা যায়, পার্ক করা গাড়িগুলোর প্রায় ৯০ শতাংশই ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীদের।

অভিযানে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কোনো ধরনের অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে সড়কটি গাড়ি পার্কিংয়ের কাজে ব্যবহার করা হচ্ছিল। এতে সাধারণ মানুষের চলাচল ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল।

অভিযানের সময় ব্যাংকটির এক কর্মকর্তা দাবি করেন, কর্মীদের সড়কে গাড়ি পার্ক করতে ব্যাংক কর্তৃপক্ষ উৎসাহিত করেনি। গাড়িগুলো দ্রুত সরিয়ে নেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তবে এসব বক্তব্যে ছাড় দেয়নি ভ্রাম্যমাণ আদালত। তাৎক্ষণিকভাবে সড়ক থেকে সব গাড়ি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি ব্যাংকটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সতর্ক করে বলেন, ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুনরায় সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং করা হলে সরাসরি ট্রাফিক আইনে মামলা করা হবে।

জনসাধারণের চলাচলের সড়ক কোনো প্রতিষ্ঠানের ব্যক্তিগত পার্কিংয়ের জায়গা হতে পারে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। বড় প্রতিষ্ঠান কিংবা প্রভাবশালী ব্যক্তি—আইনের প্রয়োগ সবার ক্ষেত্রেই সমান হওয়া উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।