কক্সবাজারের খরুলিয়ায় মাইক্রোবাসের গতিরোধ করে মাহমুদুল হক (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যবসায়ীর পরিবারের দাবি, স্থানীয় বিএনপি নেতার তিন ভাই ও তাদের সহযোগীরা এ হামলায় জড়িত।
মাহমুদুল হককে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মাহমুদুল হক ঝিলংজা ইউনিয়নের লিংক রোড এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি কক্সবাজার পৌর শহরের হাশেমিয়া মাদ্রাসা এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন। ওই এলাকা ও রামুতে তার আসবাবের ব্যবসা রয়েছে।
চিকিৎসাধীন অবস্থায় মাহমুদুল হক সাংবাদিকদের জানান, শুক্রবার দুপুরে মাইক্রোবাসে করে বাসা থেকে রামুর দিকে যাচ্ছিলেন তিনি। খরুলিয়া এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা ছয় ব্যক্তি তার গাড়ির গতিরোধ করেন। এরপর তাকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়া হয়। এতে পিঠ, কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হন তিনি। হামলাকারীরা পালিয়ে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
বিএনপি নেতাদের অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ
মাহমুদুল হকের অভিযোগ, হামলাকারীরা ঝিলংজা ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদ উল্লাহ ও সাধারণ সম্পাদক লিয়াকত আলীর অনুসারী। হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে লিংক রোড এলাকার জায়েদ, কিতাব আলী, ওয়াজেদ আলী ও আবু নাছেরকে চিনতে পেরেছেন বলেও দাবি করেন তিনি।
অভিযোগ অস্বীকার করে রাশেদ উল্লাহ বলেন, গুলি চালানোর ঘটনা শুনেছেন। ঘটনার সময় তিনি মসজিদের একটি বৈঠকে ছিলেন। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলে বিষয়টি পরিষ্কার হবে বলে মন্তব্য করেন তিনি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনার পর পুলিশের কয়েকটি দল মাঠে কাজ করছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।









