রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ ও অভিজাত এলাকা গুলশান-২ গোলচত্বর। এর মাত্র ২০০ গজের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান কার্যালয়, আর ৪০০ গজের মধ্যেই গুলশান থানা। প্রশাসনের এমন গুরুত্বপূর্ণ দুটি প্রতিষ্ঠানের এত কাছে, অথচ রাতের আঁধারে গাছ কেটে স্থাপন করা হয়েছে অবৈধ বিলবোর্ড। চেরি আর্ট পাবলিসিটি নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ। যার কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (০৩ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, গুলশান-২ থেকে বনানীগামী সড়কের মোড়ের পাশে থাকা একটি গাছের ডালপালা কাটা হয়েছে। সেখানে স্থাপন করা হয়েছে বিশাল আকৃতির একটি বাণিজ্যিক বিলবোর্ড।
গাছ কেটে বিলবোর্ড স্থাপনের বিষয়ে জানতে চাইলে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান বলেন, এসব বিষয় সিটি করপোরেশনের রাজস্ব বিভাগ দেখভাল করে।
পরে ডিএনসিসির উপপ্রধান রাজস্ব কর্মকর্তা মো. মনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় একটি অভিযোগ সামনে এসেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সিটি করপোরেশন।







