শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার রক্ষার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদ সদস্য ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।
বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তৈরি পোশাকশিল্পের উৎপাদন সক্ষমতা ও কর্মসংস্থান ধরে রাখার পাশাপাশি শ্রমিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
জুনায়েদ বলেন, বাংলাদেশের তৈরি পোশাকশিল্প প্রায় ৪০ লাখ মানুষের জীবন-জীবিকার সঙ্গে যুক্ত। দ্রব্যমূল্য, বাড়িভাড়া, চিকিৎসা ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মজুরি শ্রমিকদের ন্যায্য দাবি। তবে মজুরি নির্ধারণে শিল্পের উৎপাদন ব্যয়, জ্বালানি সংকট, আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতা ও ক্রেতাদের মূল্য নির্ধারণের বিষয়গুলোও বিবেচনায় নিতে হবে।
তিনি মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও শিল্পের সক্ষমতা বিবেচনা করে গ্রহণযোগ্য ন্যূনতম মজুরি নির্ধারণের আহ্বান জানান। একই সঙ্গে বকেয়া বেতন পরিশোধ, অন্যায় ছাঁটাই ও ব্ল্যাকলিস্টিং বন্ধ এবং শান্তিপূর্ণ শ্রমিক আন্দোলনের অধিকার নিশ্চিত করার দাবি করেন।
পোশাকশিল্পে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের নিরপেক্ষ তদন্তের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগও তদন্তের আহ্বান জানান তিনি।
জুনায়েদের মতে, শ্রমিক ও মালিককে পরস্পরের প্রতিপক্ষ না বানিয়ে সরকার, শ্রমিক, মালিক ও আন্তর্জাতিক ক্রেতাদের অংশগ্রহণে সংকটের সমাধান করতে হবে। শ্রমিকের ন্যায্য মজুরি ও শিল্পের টেকসই সক্ষমতা দুটিই দেশের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ।







