রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী ও প্রতিষ্ঠানটির ক্রাইম চিফ রাজীব ঘোষকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়ার ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁদের মুক্তি ও অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠন।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে তাঁদের মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এরপর থেকে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে তখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) মো. আখতার হোসেন জানান, একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবিসি নিউজ কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল। ওই পরিস্থিতিতে দুজনকে নিরাপদে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের এখনো আটক বা গ্রেপ্তার করা হয়নি। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ইকবাল সোবহান চৌধুরী আটক হয়ে থাকলে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকার কারণেই আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিষয়টি আইন অনুযায়ী খতিয়ে দেখা হবে।
দুই সাংবাদিককে ডিবি কার্যালয়ে নেওয়ার ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট, এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সংগঠনগুলো যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ, তাঁদের অবস্থান স্পষ্ট করা এবং আইনগত ভিত্তি না থাকলে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে।
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের আহ্বায়ক আকতার হোসেন ও সদস্য সচিব শেখ জামাল বিবৃতিতে ইকবাল সোবহান চৌধুরীকে নিজ কার্যালয় থেকে নেওয়ার ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানান। অন্যদিকে এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার ও সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব রাজীব ঘোষকে কার্যালয় থেকে নিয়ে যাওয়ার ঘটনায় প্রতিবাদ জানান।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে রাজীব ঘোষের অবস্থান পরিবার ও সহকর্মীদের কাছে স্পষ্ট করার দাবি জানান। সংগঠনটি বলেছে, কোনো অভিযোগ থাকলে তা প্রচলিত আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করতে হবে।
সাংবাদিক মুক্তাদির রশিদ রোমিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রাজীব ঘোষকে সসম্মানে কর্মস্থলে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
ইকবাল সোবহান চৌধুরী বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি, দৈনিক অবজারভারের সম্পাদক এবং ডিবিসি নিউজের সাবেক চেয়ারম্যান। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রাজীব ঘোষ ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি এবং এটিজেএফবির সহসভাপতি।







