গাজীপুরের টঙ্গীতে ছয় বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো. মোসলেম আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আদালতে পাঠানো হয়েছে। তবে এ ঘটনার পর মাদ্রাসায় ভাঙচুর ও শিক্ষক-কর্মচারীদের মারধরের অভিযোগে ভুক্তভোগী শিশুটির বাবা শাহজালাল রুমির বিরুদ্ধে পাল্টা মামলা করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

পরে শিশুটির বাবার বিরুদ্ধে মাদরাসায় হামলা, ভাঙচুর ও ১৭ লাখ টাকা লুটের অভিযোগও ওঠে। তবে সব অভিযোগ অস্বীকার করে তিনি বলেছেন, মেয়ের বিচার চাইতেই মাদরাসায় গিয়েছিলেন, মব করতে নয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, ক্বরিউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার অধ্যক্ষ ক্বারী মো. আলমাছ হোসেন বাদী হয়ে মামলাটি করেন। অভিযোগে বলা হয়েছে, একদল লোক মাদ্রাসায় ঢুকে শিক্ষক ও কর্মচারীদের মারধর এবং প্রতিষ্ঠানে ভাঙচুর করেছে। এসব অভিযোগের বিষয়ে মামলার আসামিদের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, শিশুটিকে লাঞ্ছনার অভিযোগ এবং এ ঘটনায় প্রতিবাদ করায় তার বাবাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। তবে এসব অভিযোগের সব দিক স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, পুরো ঘটনা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।