চোরাচালানের মাধ্যমে প্রায় ৬৭৮ কোটি ১৯ লাখ টাকার অবৈধ স্বর্ণ ও হীরা কেনাবেচা এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে এবার জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. সুমন মিয়া ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জানান, গুলশান থানার মানিলন্ডারিং মামলায় এক দিনের রিমান্ড শেষে দিলীপকে আদালতে হাজির করা হবে। এরপর হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো ও রিমান্ড আবেদনের শুনানি হবে।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন আ. জব্বার। চিকিৎসাধীন থাকার পর ২০২৫ সালের ২৭ মার্চ তিনি হত্যাচেষ্টা মামলা করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়। দিলীপ আগরওয়ালা এ মামলার ৩১ নম্বর এজাহারনামীয় আসামি।