২০২৪ সালের গণঅভ্যুত্থান ও ৫ আগস্টের পর বিভিন্ন অভিযোগে পুলিশ বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৪৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ৫ আগস্টের পর কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে বিসিএস পুলিশ ক্যাডারের ৬২ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। তাদের মধ্যে ৩১ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বাকি ৩১ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান।

এ ছাড়া ৫ আগস্টকেন্দ্রিক ঘটনায় কর্মস্থলে অনুপস্থিত বা পলাতক থাকার অভিযোগে এএসপি ও তার ওপরের পদমর্যাদার ৫৭ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তাদের মধ্যে ২৮ জনকে চাকরি থেকে বরখাস্ত এবং একজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

citytouch 728-X-90

গণঅভ্যুত্থানকেন্দ্রিক বিভিন্ন ফৌজদারি মামলা, আদালতে দায়ের করা অভিযোগ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার ২৯ পুলিশ কর্মকর্তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের মধ্যে ডিআইজি পদমর্যাদার দুজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ২০২৫ সালের চারটি মামলার রায়ের ভিত্তিতে এএসপি ও তার ওপরের পদমর্যাদার ১৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে চাকরিচ্যুত করা হয়েছে এবং আটজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলছে।

এ ছাড়া গণঅভ্যুত্থানের সময় সংঘটিত বিভিন্ন ঘটনার কারণে পাঁচ পুলিশ পরিদর্শককে বরখাস্ত বা অপসারণ করা হয়েছে। একই ঘটনায় আরও ৩০ পরিদর্শকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে। পাশাপাশি গণঅভ্যুত্থানের পর পুলিশ পরিদর্শক পদমর্যাদার আরও ৭৩ কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে।