ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে নির্বাচনী এলাকায় টানা তিন দিন মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৭ অক্টোবর মধ্যরাত ১২টা থেকে ৩০ অক্টোবর মধ্যরাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
বুধবার (১৪ অক্টোবর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ তথ্য জানিয়েছেন।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ভোটগ্রহণের আগের দিন ২৮ অক্টোবর মধ্যরাত ১২টা থেকে ২৯ অক্টোবর মধ্যরাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, প্রাইভেট কার, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপরও নিষেধাজ্ঞা থাকবে।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রশাসনের কাজে ব্যবহৃত যানবাহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এ ছাড়া অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক, জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, ওষুধ ও চিকিৎসাসামগ্রী বহনকারী যানবাহন, সংবাদপত্র পরিবহনের যান এবং দূরপাল্লার যাত্রী বহনকারী যানবাহন চলাচল করতে পারবে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের প্রত্যেকের জন্য একটি এবং তাঁদের নির্বাচনী এজেন্টের জন্য একটি করে ছোট আকৃতির যানবাহন চলাচলের অনুমতি দেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তার অনুমোদন নিতে হবে এবং সংশ্লিষ্ট যানবাহনে নির্ধারিত স্টিকার প্রদর্শন করতে হবে।
সাংবাদিক, পর্যবেক্ষক ও জরুরি কাজে ব্যবহৃত যানবাহন বা মোটরসাইকেল নির্বাচন কমিশন কিংবা রিটার্নিং কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে চলাচল করতে পারবে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রচার শেষ করতে হবে ২৭ অক্টোবর সকাল ৮টার মধ্যে।
এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী। তাঁরা হলেন বিএনপির মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।










