গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনীর দমকলকর্মী, বিজিবি ও গাজীপুর সিটি করপোরেশনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সোলতানুর আফরিন জুনায়েদ জানান, ২০টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন পুরোপুরি নেভাতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময় লাগতে পারে। আগুন আর ছড়িয়ে পড়বে না বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও জানান, আগুনে কারখানার দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

citytouch 728-X-90

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের কারখানায় আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে টঙ্গী ও গাজীপুরের ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

আগুনের তীব্রতার কারণে শুরুতে নিয়ন্ত্রণ কার্যক্রমে বেগ পেতে হয় উদ্ধারকর্মীদের। এ ঘটনায় ফায়ার সার্ভিসের একজন কর্মীসহ মোট ১০ জন আহত হয়েছেন। তাঁদের টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

কারখানাটির ব্যবস্থাপক শফিকুল ইসলাম বাদল জানান, কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট বাহিনীর সহায়তা নেওয়া হয়।