আগামী ২৩ অক্টোবরের দিকে দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২১ অক্টোবর) সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এদিন ঢাকায় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। বুধবার ঢাকায় সূর্যাস্তের সময় সন্ধ্যা ৫টা ২৭ মিনিট এবং বৃহস্পতিবার সূর্যোদয়ের সময় ভোর ৫টা ৫৮ মিনিট।
২২ অক্টোবর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
২৩ অক্টোবর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। এ সময় সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
২৪ অক্টোবরের পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক ও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এদিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
২৫ অক্টোবরও দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। তবে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, এ সময়ের শেষ দিকে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে, বঙ্গোপসাগরে সম্ভাব্য লঘুচাপটি সৃষ্টি হলে পরবর্তী সময়ে আবহাওয়ার পরিস্থিতিতে পরিবর্তন আসতে পারে।






