খাদ্যমন্ত্রীকে না জানিয়ে সরকারি সফরসূচি তৈরি এবং টাঙ্গাইলের নাগরপুর খাদ্যগুদাম পরিদর্শনের ঘটনায় এবার দায়িত্ব হারিয়েছেন খাদ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মো. রফিকুল ইসলাম। এর আগে একই ঘটনায় মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মো. আবদুল আওয়ালকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

শনিবার (১৭ অক্টোবর) জারি করা অফিস আদেশে রফিকুল ইসলামকে মন্ত্রীর দপ্তরের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এর আগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে অব্যাহতির বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দিষ্ট কারণ জানানো হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর আবদুল আওয়ালের নাগরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও খাদ্যগুদাম পরিদর্শনের জন্য একটি সরকারি সফরসূচি জারি করা হয়। ব্যক্তিগত কর্মকর্তা রফিকুল ইসলামের স্বাক্ষরে জারি করা ওই সূচি অনুযায়ী, ১১ অক্টোবর পরিদর্শনে যান আবদুল আওয়াল।

সফরসূচিতে ঢাকার মোহাম্মদপুরে আবদুল আওয়ালের বাসা থেকে যাত্রা শুরু এবং পরিদর্শন শেষে সেখানে ফেরার কথা উল্লেখ ছিল। সফরের প্রয়োজনীয় সহায়তা ও সরকারি গাড়ির জ্বালানি নিশ্চিত করতে খাদ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও চিঠির অনুলিপি পাঠানো হয়।

মন্ত্রণালয় সূত্রের দাবি, সফরটির বিষয়ে খাদ্যমন্ত্রী আফরোজা খানম অবগত ছিলেন না। পরে বিষয়টি জানার পর তিনি অসন্তোষ প্রকাশ করেন। এর পরই আবদুল আওয়ালকে দায়িত্ব থেকে সরানো হয়। সফরসূচি তৈরিতে রফিকুল ইসলামের ভূমিকা খতিয়ে দেখে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সর্বশেষ তাকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।

খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ক্ষেমালিকা চাকমা রফিকুল ইসলামের দায়িত্ব হারানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি তিনি।