পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আবাসিক হোটেলে অপ্রাপ্তবয়স্কদের পরিচয় ও বয়স যাচাই ছাড়া কক্ষ ভাড়া দেওয়ার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না। এ ধরনের ঘটনায় হোটেল মালিক বা ব্যবস্থাপকের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে নিরাপদ পর্যটনবিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শহরের কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় হোটেল-মোটেল-রেস্তোরাঁ মালিক, পর্যটন ব্যবসায়ী ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শামীম আরা স্বপ্না বলেন, বিভিন্ন আবাসিক হোটেলে অপ্রাপ্তবয়স্কদের পরিচয় ও বয়স যথাযথভাবে যাচাই না করে কক্ষ ভাড়া দেওয়ার অভিযোগ উদ্বেগজনক। এ ধরনের অবহেলায় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। কক্সবাজারের পর্যটনশিল্পের সুনাম ও পর্যটকদের নিরাপত্তা রক্ষায় হোটেল ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় আলোচনায় আসে কুমিল্লার সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের ঘটনাও। গত ৮ অক্টোবর ১৩ বছর বয়সী ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের পর বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা তৈরি হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার আগে সে কক্সবাজারের একটি হোটেলে কথিত প্রেমিক রাজুর সঙ্গে অবস্থান করেছিল। হোটেলের নিবন্ধন খাতায় তার বয়স ১৮ বছর লেখা থাকার তথ্য সামনে আসায় অতিথিদের প্রকৃত বয়স যাচাইয়ের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, কুমিল্লার ঘটনার পর কক্সবাজারের নামও আলোচনায় এসেছে, যা পর্যটনকেন্দ্রটির ভাবমূর্তির ওপর প্রভাব ফেলতে পারে। বিচ্ছিন্ন কোনো ঘটনার কারণে যেন পুরো পর্যটন এলাকার সুনাম ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
সভায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে সাম্প্রতিক আরও দুটি ঘটনার প্রসঙ্গ উঠে আসে। গত ১৭ অক্টোবর মেরিন ড্রাইভের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যু হয়। এর কয়েক দিন পর, ২১ অক্টোবর হিমছড়ি সৈকতে গোসলে নেমে পাঁচ পর্যটকের মৃত্যু হয়। এসব ঘটনার পর হোটেলের অগ্নিনিরাপত্তা এবং সমুদ্রসৈকতে পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলসহ ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর ও পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা বক্তব্য দেন। সভায় হোটেলে অতিথির পরিচয় যাচাই, অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষা এবং পর্যটন এলাকায় নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।









