সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্ত নিজের মৃত্যুর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদককে দায়ী করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। একই সঙ্গে প্রশাসন ক্যাডার থেকে পদত্যাগের ঘোষণাও দেন তিনি। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে ‘এসিল্যান্ড জামালগঞ্জ’ নামের ফেসবুক আইডি থেকে পোস্ট দুটি দেওয়া হয়। একটিতে লেখা হয়, ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রাণী মোদক দায়ী থাকবে।’ অন্য পোস্টে লেখা হয়, ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার।’
ইউএনও শিল্পী রাণী মোদকের ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাতে তাঁর মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে স্ত্রীসহ উপস্থিত ছিলেন এসিল্যান্ড আরিফুর রহমান। অনুষ্ঠান শেষে বাসা থেকে বেরিয়ে তিনি ওই পোস্টগুলো দেন। পরে তাঁর মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা যায় বলে দাবি করেন ইউএনও।
ইউএনও আরও অভিযোগ করেন, এ সময় আরিফুর রহমান এক আনসার সদস্যকে মারধর করেন এবং তাঁর তিন বছর বয়সী মেয়েকে হত্যার হুমকি দেন। রাস্তায় অন্যদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেন বলে জানান তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে আরিফুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী মিয়া জানান, খবর পেয়ে তাঁরা এসিল্যান্ডের বাসায় যান। পরে চিকিৎসক ও পরিবারের সদস্যদের পরামর্শে তাঁকে চিকিৎসার জন্য সিলেটে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের সদস্যরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেছেন।
ইউএনও শিল্পী রাণী মোদক বলেন, ফেসবুক পোস্টে তাঁর নাম উল্লেখ করার কারণ তিনি বুঝতে পারছেন না। অন্যদিকে, আরিফুর রহমানের মানসিক অসুস্থতা ও ট্রমার কারণে এমন আচরণ হয়েছে বলে দাবি করেছেন ইউএনও।









