২০২৬ সালের প্রথম নয় মাসে সিটি ব্যাংকের সমন্বিত কর-পরবর্তী মুনাফা প্রায় ২০ শতাংশ বেড়েছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকটির মুনাফা দাঁড়িয়েছে ৮৬৭ কোটি ৩৮ লাখ টাকা। গত বছরের একই সময়ে এ মুনাফা ছিল ৭২২ কোটি ১৯ লাখ টাকা।

বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৯৬ পয়সা। ২০২৫ সালের একই সময়ে ডাইলুটেড ইপিএস ছিল ৪ টাকা ১৩ পয়সা।

আর্থিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত অনলাইন অনুষ্ঠানে বিনিয়োগকারী, শেয়ার বিশ্লেষক ও গণমাধ্যমকর্মীদের সামনে ব্যাংকের আর্থিক অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে আর্থিক প্রতিবেদন ব্যাখ্যা করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন ব্যাংকের কৌশলগত অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

এ সময় উপব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংকিং বিভাগের প্রধান মেসবাউল আসীফ সিদ্দিকী এবং প্রধান ঝুঁকি কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে বিনিয়োগকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্যাংকের কর্মকর্তারা।

ব্যাংক কর্তৃপক্ষের আশা, তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের মাধ্যমে বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক আরও জোরদার হবে।