রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ ১৫ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে রেলওয়ে পুলিশ। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা।

পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলে প্ল্যাটফর্মের প্রধান ফটকে নিয়মিত তল্লাশি চালাচ্ছিলেন রেলওয়ে পুলিশের সদস্যরা।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক কিশোর দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে আটক করেন। তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে কালো কসটেপে মোড়ানো দুটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেট দুটি খুলে পলিথিনসহ মোট ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক কিশোরের নাম আব্দুল আল নোমান (১৫)। সে ফেনী জেলার ছাগলনাইয়া থানার মধ্যম মটুয়া গ্রামের মো. বাবুল ও বিবি কুলসুমের ছেলে।

এ বিষয়ে বিমানবন্দর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ জানান, রেলপথে মাদক পরিবহন ও মাদকসংক্রান্ত অপরাধ প্রতিরোধে রেলওয়ে পুলিশের নিয়মিত তল্লাশি ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে। উদ্ধার করা মাদকের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।