চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আজ শনিবার প্রকাশ করা হবে। এর মাধ্যমে পরীক্ষায় অংশ নেওয়া ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।
এদিন বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
উদ্বোধনের পরপরই পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
অনলাইনে যেভাবে ফল জানা যাবে
পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে ফলাফল জানতে পারবেন। এ জন্য নিচের ওয়েবসাইটগুলোতে প্রবেশ করতে হবে—
১. https://eduboardresults.gov.bd
২. https://educationboardresults.gov.bd
ওয়েবসাইটে প্রবেশ করে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করলেই ফলাফল দেখা যাবে।
এসএমএসে ফল জানার নিয়ম
মোবাইল ফোনের মাধ্যমেও সহজেই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে।
এ জন্য যেকোনো মোবাইল অপারেটর থেকে ১৬১৪০ নম্বরে নির্ধারিত নিয়মে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে পরীক্ষার ফলাফল জানিয়ে দেওয়া হবে।
ফল পুনর্নিরীক্ষণের আবেদন কবে?
যেসব শিক্ষার্থী প্রকাশিত ফলাফলে সন্তুষ্ট হবেন না, তাঁরা ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন।
আগামী ১ নভেম্বর থেকে পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হবে। শিক্ষার্থীরা অনলাইনে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
পরীক্ষায় অংশ নিয়েছেন ১২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী
এর আগে গত ২ জুলাই সারাদেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।
১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়। সারাদেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেন।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন।
আজ ফল প্রকাশের মধ্য দিয়ে লাখো শিক্ষার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে।









