চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে। শনিবার রাতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফলাফলসংক্রান্ত বিস্তারিত তথ্য আগামী ২৬ অক্টোবর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। পরীক্ষার্থীরা অনলাইন ও মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

অনলাইনে ফল দেখতে শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট educationboardresults.gov.bd-এ গিয়ে বোর্ড, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখা যাবে। সেখান থেকে মার্কশিটও সংগ্রহ করা যাবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজস্ব EIIN নম্বর ব্যবহার করে সমন্বিত ওয়েবসাইট থেকে পুরো প্রতিষ্ঠানের ফলাফল একসঙ্গে ডাউনলোড করতে পারবে।

এ ছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে HSC DHA 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এখানে DHA-এর জায়গায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর এবং 123456-এর জায়গায় পরীক্ষার্থীর রোল নম্বর দিতে হবে।

প্রসঙ্গত, এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত হওয়ায় নির্ধারিত সময়ের পর সেগুলো অনুষ্ঠিত হয়। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।