রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শহীদ জিয়াউর রহমান হলের সামনে এ ঘটনা ঘটে। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে মিছিল নিয়ে জিয়াউর রহমান হলের সামনে যান ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের কয়েকজনের হাতে রামদা, চাপাতি, হকি স্টিক, পাইপ ও বেসবল ব্যাটসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেন।

খবর পেয়ে প্রক্টর মাহবুবুর রহমান ঘটনাস্থলে গেলে অস্ত্রগুলো সরিয়ে ফেলা হয় বলে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য। পরে সাংবাদিকেরা অস্ত্র বহনের দৃশ্য ভিডিও করতে গেলে তাদের ওপর হামলা করা হয়। এক সাংবাদিককে লাঠি দিয়ে মারধর এবং আরেকজনের মুঠোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে আরও কয়েকজন সাংবাদিক আক্রান্ত হন।

citytouch 728-X-90

হামলায় গুরুতর আহত চার সাংবাদিক হলেন আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান এবং দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু। প্রথমে তাদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়; পরে কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে জানানো হয়েছে।

রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেছেন, বিষয়টি তিনি কেন্দ্রীয় ছাত্রদলকে জানিয়েছেন এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।