২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের সময় পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ সোমবার বিকেল ৩টায় এ ফল প্রকাশ করা হবে।
শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকে পুনর্নিরীক্ষণের ফল জানতে পারবেন। এ ছাড়া কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইট থেকেও ফল সংগ্রহ করা যাবে। পাশাপাশি আবেদনকারীদের দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে।
এর আগে পুনর্নিরীক্ষণের ফল সোমবার বেলা ১১টায় প্রকাশের কথা জানানো হয়েছিল। তবে পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময়ের চার ঘণ্টা পর ফল প্রকাশ করা হবে।
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি খাতা পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়ন করা হয়েছে।








