দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা স্থগিতের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে আজ। এ বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শুনানির জন্য আবেদনটি আপিল বিভাগের কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর আজ শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ১৯ নভেম্বর আপিল বিভাগের চেম্বার আদালত আবেদনটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান। একই সঙ্গে শুনানির জন্য ২৩ নভেম্বর দিন নির্ধারণ করা হয়। তবে ওই দিন হাইকোর্টের আদেশের ওপর কোনো স্থগিতাদেশ দেননি চেম্বার আদালত।

চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন জানান। অন্যদিকে, রিট আবেদনকারীদের আইনজীবীরা ওই আবেদনের বিরোধিতা করেন। শুনানি শেষে চেম্বার আদালত কোনো স্থগিতাদেশ না দিয়ে বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানোর সিদ্ধান্ত দেন।

এর আগে গত ১৮ নভেম্বর এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুয়েট, মেডিকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেন আদালত।

আজ আপিল বিভাগের শুনানিতে হাইকোর্টের ওই আদেশ বহাল থাকবে, নাকি স্থগিত হবে—সে বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। এর ওপর নির্ভর করছে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার পরবর্তী কার্যক্রম।