দুই দিনের সফরে আগামী ৭ ডিসেম্বর বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তার সফর উপলক্ষে তাকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সরকার।
প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১-এর ২(ক) ধারায় দেওয়া ক্ষমতাবলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে বাংলাদেশ সফরকালে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছে। আগামী ৭ ও ৮ ডিসেম্বর তার সফর চলাকালে এ ঘোষণা কার্যকর থাকবে।
এদিকে উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে মালয়েশিয়া ও মালদ্বীপের সঙ্গে দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও জোরদার করতে চায় বাংলাদেশ। এর অংশ হিসেবে ডিসেম্বরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে ঢাকায় স্বাগত জানানোর প্রস্তুতি চলছে।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর চলতি বছরের জুনে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দেশটি সফর করেন তিনি।
আসন্ন সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা ও পারস্পরিক অংশীদারিত্ব আরও এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হতে পারে।








