বিচার বিভাগীয় আট কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি ও পদায়ন করেছে সরকার। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে একজন জেলা ও দায়রা জজ এবং সাতজন অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এসব কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ফরিদপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. আবুল বাশার মিঞাকে ঢাকায় আইন ও বিচার বিভাগে উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৈয়বুল হাসানকে ময়মনসিংহে, আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা মো. হাফিজুল ইসলামকে রংপুরে এবং যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোসা. ফৌজিয়া হাফসাকে চট্টগ্রামে বদলি করা হয়েছে।

আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা আলমগীর কবির রাজকে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা আহমেদকে একই জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট করা হয়েছে। গাজীপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানকে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুল হাইকে একই জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৬ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। তবে ছুটি বা প্রশিক্ষণে থাকা কর্মকর্তারা ছুটি বা প্রশিক্ষণ শেষে কাজে যোগদানের তারিখে দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দেবেন।

জনস্বার্থে এ বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।