একসময় ঢাকার অপরাধজগতে আতঙ্কের নাম ছিল শেখ আসলাম, যিনি ‘সুইডেন আসলাম’ নামে পরিচিত। দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবশেষে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে নিয়ে চাঞ্চল্যকর বিভিন্ন তথ্য জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা জানান, রাত আড়াইটার দিকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে। দীর্ঘদিন ধরে তাকে খোঁজা হচ্ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে।
গোয়েন্দা পুলিশের তথ্য অনুযায়ী, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে তার চূড়ান্ত গন্তব্য ছিল মালয়েশিয়া। ধারণা করা হচ্ছে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক হয়ে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল তার। বিষয়টি যাচাই করে দেখছে পুলিশ।
গোয়েন্দা কর্মকর্তারা আরও জানান, সুইডেন আসলামের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে শতাধিক অভিযোগ জমা পড়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে অন্তত পাঁচটি টর্চার সেল পরিচালনার অভিযোগও পাওয়া গেছে।
পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারের চেষ্টা চলছিল। এর মধ্যেই দেশ ছাড়ার চেষ্টা করেন তিনি। তার বিরুদ্ধে পাওয়া অভিযোগগুলো তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেফতারের পর প্রায় ১৯ বছর কারাগারে ছিলেন সুইডেন আসলাম। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর তিনি কারাগার থেকে মুক্তি পান।








