যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বাসায় এক মিলনমেলায় অংশ নিয়েছেন কূটনীতিক, সাংবাদিক এবং বাংলাদেশি কমিউনিটির পেশাজীবী ও রাজনৈতিক নেতারা।

পরিবারের সঙ্গে সময় কাটাতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মুশফিকুল ফজল আনসারী। বাংলাদেশে ফেরার আগে গত শনিবার তিনি এ মিলনমেলার আয়োজন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান মজীনা ও মার্শা বার্নিকাট এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের পরিচালক লিকা জনস্টনসহ আমন্ত্রিত অতিথিরা। এ সময় অংশগ্রহণকারীরা আন্তরিক পরিবেশে শুভেচ্ছা বিনিময় ও বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

মুশফিকুল ফজল আনসারী দীর্ঘদিন ওয়াশিংটনভিত্তিক সাংবাদিক হিসেবে কাজ করেছেন। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক, সাংবাদিকতা ও নীতিনির্ধারণী মহলে তিনি পরিচিত মুখ। সাংবাদিকতা জীবনে মার্কিন পররাষ্ট্র দপ্তর ও জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং তৎকালীন আওয়ামী লীগ সরকারের শাসনামলের বিভিন্ন অনিয়ম ও দমন-পীড়নের বিষয় তুলে ধরেছেন তিনি।

মেক্সিকোয় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শেষে বর্তমানে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রদূত হিসেবে সংযুক্ত রয়েছেন।